বিকাশে আসা ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত দিল কিশোর পরশ
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
অষ্টম শ্রেণির শিক্ষার্থী পরশ। নিজের বিকাশ অ্যাকাউন্টে ভুলক্রমে আসা ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সে। তার মহানুভবতায় মুগ্ধ এলাকাবাসী।
পরশের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে। তার বাবার নাম জহির মিয়া। স্থানীয় এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ে পড়ে পরশ।
গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে রংপুরের এক ব্যক্তির ১৯ হাজার ৩৩৩ টাকা ভুলক্রমে পরশের ব্যক্তিগত বিকাশ নম্বরে চলে আসে। অপরিচিত নম্বর থেকে হঠাৎ এত টাকা বিকাশ অ্যাকাউন্টে আসায় অবাক হয় পরশ। সঙ্গে সঙ্গে নিজ পরিবার ও স্থানীয় বিকাশ এজেন্টকে বিষয়টি জানায় সে। যে নম্বর থেকে টাকা এসেছে, সে নম্বরে কল করেন ওই বিকাশ এজেন্ট। কল রিসিভ করে জানানো হয়, নম্বরটি রংপুরের একজন বিকাশ এজেন্টের। ওবায়দুল হক নামের এক ব্যক্তি ওই বিকাশ এজেন্টের মাধ্যমে টাকাগুলো একজনকে পাঠাতে গিয়ে ভুলে আরেক নম্বরে (পরশের) পাঠিয়েছেন। পরে ওবায়দুল হককে টাকাগুলো ফেরত দেয় পরশ। ওবায়দুল হক, সংশ্লিষ্ট দুই বিকাশ এজেন্টসহ অনেকেই মহৎ ওই কিশোরের প্রশংসা করেন।
টাকা ফেরত পেয়ে ওবায়দুল হক মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘অষ্টম শ্রেণির ছাত্র পরশের সততায় আমি মুগ্ধ। আজকাল মোবাইলে ভুলক্রমে ১০০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সে টাকা ফেরত পাওয়া যায় না। সেখানে একজন ছাত্র বিকাশের ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত পাঠিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।’
কমলগঞ্জের আদমপুরের বাসিন্দা আব্দুস সামাদ বলে, ‘সমাজে যখন লোভ-লালসা, চুরি-ছিনতাই বাড়ছে, তখন এতগুলো টাকা ফেরত দিয়ে পরশ নামের ছেলেটা সততার দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন লোক খুবই কম পাওয়া যায়। পরশ আমার এলাকার ছেলে। সে অন্যদের তুলনায় অনেক ভালো। তার জন্য দোয়া রইলো, সে যেন ভালো মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।’
