শৈত্যপ্রবাহ নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদফতর
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০১:৪০ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
আগামী দু দিনের মধ্যে ঘন কুয়াশা কেটে যাবে। এরপরই শীতের যে স্বাভাবিক কুয়াশা তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে, আগামী ১৭-১৮ ডিসেম্বর উত্তরবঙ্গ হয়ে সারাদেশে হালকা থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। এতে শীতের তীব্রতা আরো বাড়বে। এছাড়া, ডিসেম্বরের শেষে আরো একটি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, গত কয়েকদিন মতো আজও কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে রাজধানীসহ পুরো দেশ। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা পড়েছে। এতে প্রতিদিনের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটছে। দুর্ভোগে পড়েছেনে দরিদ্র ও ছিন্নমূল মানুষগুলো।
ভোরে ঘনকুয়াশা থাকার কারণে সারা দেশের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলো চলাচল করেছে। বিভিন্ন জায়গায় খড়কুটো জালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছেন। শহরের বিভিন্ন স্থানে বসা মৌসুমী গরম কাপড়ের দোকানগুলোতে সাধারণ মানষের ভিড় জমেছে।
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। গত কয়েকদিন ধরে সেখানে তাপমাত্রা ওঠা-নামা করছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থাকার কথা বলা হয়েছে। দেখা মিলতে পারে মাঝারি থেকে হালকা ধরনের কুয়াশার। পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, রাজধানী ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সূর্যাস্ত হবে ৫টা ১৩ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ৬টা ৩৩ মিনিটে।
