লাকসামে ইমামের মোটর সাইকেল চুরি!
লাকসাম প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
লাকসামে প্রায় প্রতিদিনই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। এর থেকে বাদ পড়ছে না ইমাম, সেলসম্যান, বাড়ির মালিক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমনকি সাংবাদিক। মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলার ছনগাও গ্রামে চুরি হওয়া একটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্ত করে লাকসাম থানা পুলিশ। ওই গ্রামের ইমাম ইমাম হোসেনের ২ লক্ষাধিক টাকা মূল্যের এ্যপাসি ফোর-বি মোটর সাইকেলটি গত ২ ডিসেম্বর দিবাগত রাতে চুরি হয়। তিনি লাকসামের একটি প্রতিষ্ঠানের পাঞ্জেগানা মসজিদে ইমামতি করেন।
এদিকে, গত ৫ ডিসেম্বর উপজেলার গাজিরপাড় গ্রাম থেকে একটি কোম্পানীর ডিএসও মিজানুর রহমানের মোটর সাইকেলটি ঘরের কলাপসিবল ভেঙ্গে চুরি হয়।
এর আগে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে সেলিম মিয়া ও ও মনজুর আলমের দুটি মোটরসাইকেল চুরি হয়। অপরদিকে, চুনাতি এলাকায় লিটন ও মানিক মিয়ার দুটি মোটর সাইকেলের তালা ও রড ভেঙে ফেললেও চুরি হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায়। তাছাড়া, সম্প্রতি পৌরশহরের কারবালা দিঘীরপাড় এলাকা থেকে তিনটি মোটরসাইকেল, রাজঘাট হোসেন ফ্লাওয়ার মিল এলাকা থেকে দুইটি মোটরসাইকেল, হাউজিং এলাকার সাংবাদিক দলিলুর রহমান মানিকের বাসা থেকে একটি, সাংবাদিক হুমায়ুন কবির মানিকের একটি, সাংবাদিক তমিজ উদ্দিন আহমেদ চুন্নুর একটি মোটরসাইকেল, মনোহরপুর এলাকার মনা মিয়ার একটিসহ বেশকিছু মোটরসাইকেল চুরি হয়।
এ বিষয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক এসআই আবু নাছের জানান, চুরি হওয়া মোটরসাইকেল গুলো উদ্ধারে তদন্ত চলছে।
লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, মোটরসাইকেল চুরি রোধে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে লাকসাম বাইপাস থেকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য এলাকায় চুরি রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
