বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

গাজীপুর ব্যুরো

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রবিবার বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে নতুন বাজার আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। টঙ্গী বাজার হয়ে কলেজ গেট এসে সমাপ্ত হয়।

এদিকে, সকালে গাজীপুর মহানগর যুবলীগের নের্তৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করে। মিছিলটি গাজীপুর চৌরাস্থা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশেপাশের সড়ক ঘুরে সদর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা  দেশকে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অবিলম্বে ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।