বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

মদ ভেবে চুরি করে রাসায়নিক পান, ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব থেকে মদ ভেবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য চুরি করে পান করায় দুই রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন- নগরীর দৌলতপুরের পাবলা কারিগরপাড়ার আবু তালেবের ছেলে পারভেজ বিশ্বাস (২৯) ও একই এলাকার রেজাউল করিমের ছেলে রফিকুল বিশ্বাস (৪০)।

এ ঘটনায় একই এলাকার মোমরেজ বিশ্বাসের ছেলে শামীম (৩২) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা সবাই বয়রার খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব রুমে বৃহস্পতিবার রংমিস্ত্রির কাজ করছিলেন।

দৌলতপুরের কারিগরপাড়ার ব্যবসায়ী জাফরি বিশ্বাস বলেন, আমার বাসার পাশের তিন শ্রমিক খুলনা মহিলা কলেজের ল্যাব ভবনে রংয়ের কাজ করছেন। তাদের স্বজনদের কাছ থেকে শুনেছি কাজ করার সময় ল্যাব রুমের একটি বোতলে অ্যালকোহল ভেবে চুরি করে বাসায় নিয়ে আসে। 

পরে রাতে শামীম, পারভেজ বিশ্বাস ও রফিকুল বিশ্বাস সেটা পান করে। পারভেজ বিশ্বাস বৃহস্পতিবার রাত ৪টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এবং রফিকুল বিশ্বাস রাত ১টায় বাসায় মারা যায়। বেলা ১১টায় মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। শামীমের অবস্থাও আশঙ্কাজনক।

খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনায় দুইজন মারা গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। 

খুলনা মহিলা কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন বলেন, আমাদের সায়েন্স ভবনের কাজ পেয়েছেন দৌলতপুরের এক ঠিকাদার। ভবনের সংস্কার হয়ে গেছে। ওরা সাইন্স ল্যাবে রং করছিল বৃহস্পতিবার। ওখানে কিছু খালি বোতল ছিল; যার মধ্যে কিছু থাকতে পারে। ওখান থেকে নিয়ে যেতে পারে।