বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

‘দুষ্টু’ সাদা বাঘটিই দর্শনার্থীদের আকর্ষণ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

বাস্তবে বাঘ বলতে আমাদের জানাশোনা ডোরাকাটা রয়েল বেঙ্গলের সঙ্গে। তবে হঠাৎ চোখের সামনে সাদা বাঘের দেখা মিললে চোখ আটকে যাওয়াই স্বাভাবিক। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবর সাফারি পার্কে দীর্ঘদিন ধরেই এমন একটি সাদা বাঘকে নিয়ে দর্শনার্থীদের আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহের কারণ এই বাঘটি ভিন্ন রঙের ও দুষ্টু প্রকৃতির। তার গর্জনে সারাক্ষণই মাতিয়ে থাকে সাফারি পার্কের বাঘ বেষ্টনি।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বর্তমানে বাঘের সংখ্যা ১০টি। এর মধ্যে ছয়টি স্ত্রী ও চারটি পুরুষ প্রজাতির। এদের মধ্যেই একটি সাদা বাঘিনী রয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আনা মায়ের গর্ভে ২০১৮ সালের ৮ আগষ্ট সাফারি পার্কে এই সাদা বাঘিনীর জন্ম হয়। বর্তমানে এই বাঘিনীর বয়স দুই বছরের কিছু বেশি। এদিকে চট্রগ্রাম চিড়িয়াখানায় দেশের প্রথম সাদা পুরুষ বাঘ শাবকের জন্ম হয়েছিল ২০১৮ সালের ১৯ জুলাই। সর্বশেষ পরিসংখ্যান মতে, দেশের এ দুটো স্থানেই সাদা বাঘ ও বাঘিনী রয়েছে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান বলেন, ‘সাদা এই বাঘিনীটি স্বজাতীয় গোত্রের অন্যান্য প্রাণীর চেয়ে কিছুটা দুষ্টু ও চঞ্চল প্রকৃতির। করোনাকালে তার আচরণ কিছুটা স্বাভাবিক ছিল। গত ১ নভেম্বর থেকে পার্কটি খুলে দেওয়ায় প্রচুর দর্শনার্থী প্রবেশ করছে। হঠাৎ দর্শনার্থীদের আগমনে সে প্রতিনিয়ত হুংকার ছেড়ে নিজের অস্তিত্ব প্রকাশ করছে। তার আচরণ এমন যে, সিংহ বনের রাজা হলেও সে সবসময় নিজেকে বনের রাজা ভাবে।’

তিনি আরও বলেন, ‘সে অন্য বাঘের সাথে তেমন ঝগড়া বিবাদ করে না। তার প্রতিদিনের খাবার তালিকায় গরুর মাংস থাকে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এই বাঘিনীটি গর্ভধারণের উপযোগী হয়ে উঠছে, দেশীয় পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা এই বাঘিনীটিকে ঘিরে আমরা নতুন প্রজাতির বাঘের আশা করছি।’

দীর্ঘদিন বাঘ নিয়ে গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। তিনি বলেন, ‘জিনগত কারণে সাদা বাঘের জন্ম হয়। তবে সুন্দরবনে এখন পর্যন্ত এমন সাদা বাঘের দেখা মেলেনি। দেশে জন্ম নেওয়া এখন পর্যন্ত সাদা বাঘ এ দুটোই। সাদা বাঘ দেখতে খুব সুন্দর। দেশের দুটি স্থানে থাকা বাঘ ও বাঘিনীকে একসঙ্গে রাখলে দর্শনার্থীরা আরও বেশি বিনোদন পেত, প্রজননে দেশে সাদা বাঘের সংখ্যাও বৃদ্ধি পেত।’

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘পার্কে দর্শনার্থীরা প্রবেশ করেই সাদা বাঘ খোঁজেন। তাদের অন্যতম আকর্ষণই থাকে সাদা এই বাঘকে ঘিরে। বিশেষ করে শিশুসহ সবার অন্যতম বিনোদন দেয় এই সাদা বাঘ।’