ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
প্রেমে ব্যর্থ হয়ে হতাশায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সিলেটের এক যুবক। তবে কেন তিনি এভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন তারও কিছুটা ইঙ্গিত জানিয়ে গেছেন ফেসবুকের স্ট্যাটাসে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রায় ঘণ্টাখানেক আগে একটি মেয়েকে দায়ী করে তিনি এ পোস্ট দিয়েছিলেন। কিন্তু মেয়েটির পরিচয় পাওয়া না গেলেও যুবকের সঙ্গে একটি ছবি ছিল ফেসবুকে।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আলহাজ উদ্দিন (১৯) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মেয়েটির ছবি সংযুক্ত ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন- ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবেই পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে।’
ঘটনাটি গত বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার আলমপুর এলাকায় ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।
সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল ইসলাম জানান, ফেসবুক লাইভে এসে এক যুবক আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে।
নিহতের চাচা আফজল হোসেন বলেন, রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বোঝেননি।
সে গত বছরে আলমপুর সিলেট কারিগরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আত্মহত্যার কারণ তিনি বলতে চাননি। তবে ফেসবুক লাইভে ‘তুমি সুখে থাকো’ এ কথা বলে আত্মহত্যা করেছে এমনটি নিহত আলহাজের চাচার দাবি।
এদিকে ফেসবুক কর্তৃপক্ষ আত্মহত্যার লাইভ দৃশ্যটি তাৎক্ষণিক সরিয়ে নিয়েছে। তবে কয়েকজন ভিউয়ার্স জানিয়েছেন, ‘আত্মহত্যার লাইভ চলাকালে সাউন্ডবক্সে গান বাজতে শুনতে পেয়েছেন তারা।
