বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

গাংনী স্বাস্থ্যকমপ্লেক্সে চলছে সাধারণদের সাথে করোনা রোগীর চিকিৎসা

মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত : ১০:২২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে তালা ঝুলিয়ে  সাধারন রোগীদের সাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা রোগীর। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে হাসপাতালের ডাক্তার, নার্স ও সাধারণ রোগীরা। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর পিতা আব্দুস সামাদ ও মাতা সুরাইয়া বেগমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাধারন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের উভয়ের মধ্যে করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়।গত ৩ রা নভেম্বর তাদের করোনা পজিটিভ আসে। 

কিন্তু তাদেরকে করোনা ওয়ার্ডে না রেখে হাসপাতালের ৪র্থ তলায় ২নং কেবিনে সাধারন রোগীদের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ডাক্তার ও নার্স  তাদের ও সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এতে করে হাসপাতালে অন্যান্য ডাক্তার, নার্স,  সাধারণ রোগী ও রোগীর স্বজনরা করোনা ঝুঁকির মধ্যে পড়ছে বলে অভিযোগ গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের  ডাক্তার ও নার্সদের।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা রিপোর্ট আসার আগে থেকেই উনাদের ওখানে ভর্তি করে রাখা হয়েছে।তাই সিদ্ধান্ত নিয়েছি উনারা ওখানে থাকবে। স্বাস্থ্য ঝুঁকির প্রসঙ্গে তিনি বলেন, যে কারোর কারোনা হতে পারে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দিচ্ছি।

মেহেরপুর  সিভিল সার্জন নাসির উদ্দিন জানান, গাংনী স্বাস্থ্য কপ্লেক্সের পুরাতন ভোবনে পৃথক করোনা ওয়ার্ড রয়েছে।এভাবে চিকিৎসা দেওয়ার কথা না। তারপরও বিষয়টি আমি দেখবো।