মতলবে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তদন্তে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাউসার হিমেলকে প্রধান করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. ফাতেমা আক্তার ও মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লাহ ।
গত শুক্রবার রাতে অস্ত্রোপচারের পর লিমা আক্তার নামের এক প্রসূতির মৃত্যু হয়। লিমা আক্তারের পরিবারের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণে এবং চিকিৎসকের ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন। তারা জানায়, শুক্রবার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় লিমার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রোগীর অবস্থা বেগতিক দেখে পাইলস এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. আকলিমা জাহান তানিয়া রোগীকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে লিমা আক্তার মারা যান।
এ বিষয়ে চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
