বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

রেমিটেন্স প্রবাহে বিশ্বে অষ্টম বাংলাদেশ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার

চলতি বছর (২০২০) প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) প্রবাহের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ। শুক্রবার বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এ বছর করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার দু'টি দেশের রেমিটেন্স আরো বাড়বে। এর মধ্যে বাংলাদেশের বাড়বে ৮ শতাংশ। মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলমান মহামারির মধ্যেও বাংলাদেশে রেমিটেন্স বাড়বে। বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০২০ সালে বাংলাদেশে রেমিটেন্স আসবে ২০ বিলিয়ন ডলার। ফলে পরিমাণের দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশ থাকছে অষ্টম স্থানে।

রেমিটেন্স প্রবাহের প্রথম স্থানে রয়েছে ভারত (৭৬ বিলিয়ন ডলার), দ্বিতীয়তে চীন (৬০ বিলিয়ন ডলার) আর তৃতীয়তে মেক্সিকো (৪১ বিলিয়ন ডলার)। শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ পাকিস্তান রয়েছে ষষ্ঠ অবস্থানে।