বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

পাটগ্রামে মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

এবারে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে নুর ইসলাম বাবু (৩৫) নামে এক লম্পটের বিরুদ্ধে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মেয়েটির মা পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাকৃত নুর ইসলাম বাবু (৩৫) উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কাশেম আলীর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী চার-পাঁচ মাস আগে বাড়ির পাশে রেললাইনের ধারে বিকেলে ছাগল আনতে যায়। সে সময় একই এলাকার কাশেম আলীর ছেলে নুর ইসলাম বাবু (৩৫) তাকে ফুসলিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তী সময়ে একাধিকবার ধর্ষণ করে। 

এর কিছুদিন পর মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তার চাচি মেয়েটির কাছে বিষয়টি জানতে চান। মেয়েটি তার চাচিকে জানান, প্রতিবেশী নুর ইসলাম বাবু তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।

মেয়েটির (ছাত্রীর) মা বাদী হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর ইসলাম বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত নুর ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন।