এবার ধর্ষণের শিকার সত্তরোর্ধ্ব বৃদ্ধা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার
মুন্সীগঞ্জে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূঁইয়ার ভাগনে কাদের শেখের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।
ভুক্তভোগী বৃদ্ধা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর থেকে বের হন ওই বৃদ্ধা। এ সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ তাঁর মুখ কাপড় দিয়ে চেপে ধরে ধর্ষণ করেন। পরে একই রাতে অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১০০ টাকা বৃদ্ধাকে দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে বলেন। এরপর শরীর খারাপ হলে বৃদ্ধা মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তাঁর এক নিকট আত্মীয়ের কাছে বিষয়টি জানান। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার পরার্মশ দেন।
ধর্ষণের ঘটনায় আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় ভুক্তভোগী বৃদ্ধা লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, ওই বৃদ্ধা থানায় অভিযোগ ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে কাদের শেখ তার পথরোধ করে হুমকি দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পরে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা চলছে।’
