চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৯:৫৩ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহত মোহাম্মদ টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবে পরিচিত।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় বেলা আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকার একটি খেতের পাশে কলাগাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান।

ওসি মতিউর রহমান আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন