প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম এতটা স্বাধীনতা ভোগ করেনি।
তবে তিনি সতর্ক করে বলেন, এই স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা বা ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি গড়ে ওঠা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পেশাদার সাংবাদিকতার স্বার্থে এই অপসংস্কৃতি রোধ করা জরুরি।
রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, রাজনীতির মূল কাজ জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা। তবে অতীতে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি, গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জহির উদ্দিন স্বপন বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মসহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার রুমি। এতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন