প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
সোমবার (১৯ অক্টোবর) অষ্টমীর রাতে সামাজিক মাধ্যমে পূজার একগুচ্ছ ছবি প্রকাশ করে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও শামিল হচ্ছেন এ উৎসবে। এবার শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন মন্দিরাও। নানা সাজে মন্দিরে মন্দিরে ঘুরছেন তিনি, পূজামণ্ডপে মণ্ডপে যাচ্ছেন। আর সেসব মুহূর্ত শেয়ার করছেন সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে। আজ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ উৎসব।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে তাকে নানা ধরনের পূজার সাজে দেখা গেছে। কখনো গোলাপি শাড়িতে সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারি সোনার গহনায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো লাল-কালোর মিশেলে সাদামাটা সাজে। প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় মেজাজে দেখা গেছে এই অভিনেত্রীকে।
তার আরেকটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন মন্দিরা। সেখানে তাকে লাল শাড়িতে দেখা গেছে। পূজা উদযাপনের পারিবারিক মুহূর্তেরও কিছু ছবি আছে। ভক্ত-অনুরাগীদের তিনি অষ্টমীর শুভেচ্ছাও জানিয়েছেন।
ছবিগুলোতে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, "শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, আর ঘুচে যাক সব অন্ধকার।"
তিনি বলেন, "প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।"
মন্তব্য করুন