তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, শেখ হাসিনা কী চান আর বাস্তবে কী ঘটতে পারে—এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং এ বিষয়ে জনগণকে অবহিত রাখা হবে।

তিনি বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’

আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলে দাবি করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে।’

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের অনেক আলোচনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

 

মন্তব্য করুন