প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারির বিভিন্ন খাদ্যপণ্য। এসব প্রতিষ্ঠানে খাদ্য তৈরির পরিবেশ, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চর বিশ্বাস এলাকার বিসমিল্লাহ বেকারিতে সরেজমিনে খাদ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণে ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্নতার চিত্র দেখা গেছে। এমন পরিবেশে তৈরি খাদ্যপণ্য বাজারজাত করা হলে তা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, চর বিশ্বাসের বিসমিল্লাহ বেকারিতে খাদ্যপণ্য তৈরির পরিবেশ ও পরিচ্ছন্নতার অবস্থা অত্যন্ত নাজুক। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে না। খাদ্য তৈরিতে নিয়োজিত কর্মীদের হাতে গ্লাভস ও মাথায় ক্যাপ দেখা যায়নি। খাবার তৈরির টেবিলে ময়লা, বিস্কুট তৈরির মেশিনে জমে থাকা পচা আটার অবশিষ্টাংশ এবং মেশিনের নোংরা ঢাকনার ওপর রুটির ডো রাখা ছিল। এছাড়া কেক তৈরির মেশিনে পচা ডিমের অবশিষ্টাংশ লেগে থাকতে দেখা যায়। ব্যবহৃত ডালডার মধ্যেও ময়লা দেখা গেছে।
এমন অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বেকারির এসব খাবার শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ খাচ্ছেন। খাদ্য তৈরির পরিবেশ যদি এমন অপরিচ্ছন্ন থাকে, তাহলে এসব খাবার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এক সচেতন নাগরিক বলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। শুধু সতর্ক করে দায়িত্ব শেষ না করে, নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।
বিসমিল্লাহ বেকারির মালিক মো: শহিদুল ইসলাম বলেন, কোন বেকারিতেই সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেনা। ময়লা ও পঁচা ডিম ও আটা পাওয়ার বিষয়ে বলেন, এমন কোন কাজ আমার কারখানায় হওয়ার সুযোগ নেই, আপনি যখন কারখানায় আসছেন তখন কাজ চলছিলো, তাই পরিস্কার করা হয়নি, কাজ শেষ হলে পরিস্কার করা হবে।
চর বিশ্বাসের বিসমিল্লাহ বেকারির অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে স্যানিটারি ইন্সপেক্টর শ্রী শুবংকর বলেন, প্রতিষ্ঠানটিকে এর আগেও সতর্ক করা হয়েছে। কিন্তু তারা যদি সতর্কবার্তা না মানে তাহলে সরেজমিনে তদন্ত করে অস্বাস্থ্যকর কোন কিছু পেলে উপরোক্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ অবস্থায় চর কাজল ও চর বিশ্বাস এলাকার বেকারিগুলো সরেজমিনে পরিদর্শন, খাদ্য তৈরির পরিবেশ যাচাই এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি, নিয়মিত অভিযান এবং অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা এখন সময়ের দাবি।
মন্তব্য করুন