বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:১১ পিএম

অনলাইন সংস্করণ

‘ডিয়ার ডি’তে মা-মেয়ের চরিত্রে শ্রাবন্তী ও দিতিপ্রিয়া

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর এবার ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ধারাবাহিকটির প্রথম ঝলক। সেখানে নাগকন্যার সাজে দেখা গেছে তাঁকে।

নতুন ধারাবাহিকের খবরের পাশাপাশি দিতিপ্রিয়ার ভক্তদের জন্য এসেছে আরও একটি সুখবর। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’। এতে দিতিপ্রিয়ার সঙ্গে পর্দা ভাগ করবেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

২০২৪ সালের শেষ দিকে নির্মাতাদের পক্ষ থেকে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কিছু সমস্যার কারণে সে সময় সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে আগামী ১১ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রবীন্দ্র নাম্বিয়া পরিচালিত ‘ডিয়ার ডি’ সিনেমাটি প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক পোস্টার। সেখানে শ্রাবন্তী ও দিতিপ্রিয়াকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুজনের মুখেই রয়েছে গম্ভীর অভিব্যক্তি।

সিনেমাটিতে একক মা বা সিঙ্গেল মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর মেয়ের চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া। মা-মেয়ের সম্পর্ক ভালো হলেও একসময় তাঁদের জীবনে এমন একটি ঘটনা ঘটে, যা সবকিছু বদলে দেয়। সামনে আসে এত দিন লুকিয়ে থাকা নানা অজানা সত্য। সেই সত্যের মুখোমুখি হয়ে মা-মেয়ে কীভাবে পরিস্থিতি সামলান, তা জানা যাবে সিনেমাটি মুক্তির পর।

সিনেমার পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে। প্রকাশিত ঝলক ও পোস্টারের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, সিনেমাটির শুটিং ভারতের বাইরে কোনো দেশে হয়েছে।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই বড় পর্দায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। ‘আয় খুকু আয়’, ‘রাজকাহিনি’, ‘বগলা মামা যুগ যুগ জিও’, ‘দেব আই লাভ ইউ’ ও ‘ব্যোমকেশ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘ডাকঘর’ ও ‘রাজনীতি’সহ বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন।

তবে ‘রানী রাসমণি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিতি পান এই অভিনেত্রী।

 

মন্তব্য করুন