প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে মো. মোস্তফা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম নেয়ামত আলী।
মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাঁকে ডেকে নাগদারপাড়ের একটি ওয়ার্কশপে নিয়ে যান। সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন। মারধরের একপর্যায়ে মোস্তফার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাঁকে পিটিয়ে হত্যা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মন্তব্য করুন