বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১১:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

শিখরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এতদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে শিখরের প্রতি নিজের অনুরাগের কথা স্বীকার করেছেন জাহ্নবী। একই সঙ্গে জানিয়েছেন, আগামী দু’-তিন বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা নেই তাঁর।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর সরাসরি জাহ্নবীর কাছে জানতে চান, তিনি সত্যিই শিখরের প্রেমে মজে আছেন কি না। জবাবে হাসিমুখে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী।

জাহ্নবী বলেন, “আমি সব সময় ভাবতাম, সবাই বিষয়টা নিয়ে এত রাখঢাক করে কেন! অবশ্যই আমি চাই না কারও নজর লাগুক। নিজের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, তা নিয়েও খুব বেশি খোলাখুলি আলোচনা করতে চাই না। কিন্তু আমার মনে হয় যে, কেউ যেন কখনো কিছু জানতে না পারে তেমন ভাব দেখানোও বাড়াবাড়ি। বিষয়টা নিয়ে লুকোচুরি করাও বেশ একঘেয়ে। এটা এমন কিছু বড় ব্যাপার তো নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ানও। শিখরের প্রতি জাহ্নবীর অনুরাগের কথা তুলে ধরেন তিনি। একবার বিমানে প্রবল ঝাঁকুনির সময় কীভাবে দুজনের দেখভাল করেছিলেন, সেই অভিজ্ঞতার কথাও স্মরণ করেন বরুণ। পরে জাহ্নবীর কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি জানান, আগামী দু’-তিন বছর অন্তত বিয়ে করছেন না।

চারপাশে একের পর এক সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা দুজন নিজেদের সম্পর্কে ভালো অবস্থানে রয়েছেন বলেও জানান জাহ্নবী।

কথোপকথনে মায়ের মৃত্যুর পর শিখরের পাশে থাকার বিষয়টিও স্মরণ করেন অভিনেত্রী। জাহ্নবী জানান, তাঁর মা শ্রীদেবীর মৃত্যুর সময় তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন না। তখন লন্ডনে পড়াশোনা করছিলেন শিখর। কিন্তু সেমিস্টারের মাঝপথেই পড়াশোনা ছেড়ে জাহ্নবীর পাশে থাকতে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। এমনকি জাহ্নবীর সুবিধার কথা ভেবে নিজের বাড়ির বদলে জুহুতে এক বন্ধুর সঙ্গে থাকতেন শিখর।

কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন জাহ্নবী ও শিখর। এর আগে এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তাঁর বয়স যখন ১৫ বা ১৬ বছর, তখন থেকেই শিখর তাঁর জীবনের অংশ। একে অপরকে ভরসার জায়গা হিসেবেও বর্ণনা করেছিলেন তাঁরা।

পারিবারিক অনুষ্ঠান, মন্দিরে যাওয়া এবং বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা গেছে তাঁদের। সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও সমাজমাধ্যমে তাঁদের পারস্পরিক যোগাযোগ ও শিখরের প্রতি জাহ্নবীর প্রকাশ্য অনুরাগ নিয়ে আলোচনা চলেছে।

 

মন্তব্য করুন