প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন সিনেমা ‘উড়তা তীর’-এর মুক্তির আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা করেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আয়ুষ্মান খুরানা। দশেরা উপলক্ষে তাঁদের এই সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রার্থনার সময় সারাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।
স্বর্ণমন্দিরে যাওয়ার সময় সারা সাদা পোশাক পরেছিলেন। আয়ুষ্মান খুরানার পরনেও ছিল সাদা কুর্তা। দুজনের এই সফরের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর সারার কান্নার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
ভিডিওতে সারাকে প্রার্থনার সময় চোখের পানি ফেলতে দেখা যায়। তবে ঠিক কী কারণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন, সে বিষয়ে অভিনেত্রী নিজে প্রকাশ্যে কিছু জানাননি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাঁর প্রতি সহমর্মিতা জানিয়েছেন, আবার কেউ দৃশ্যটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
স্বর্ণমন্দির দর্শনের পর সারা আলি খান আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ছবিতে দুজনকেই সাদা পোশাকে প্রার্থনার ভঙ্গিতে দেখা যায়।
‘উড়তা তীর’ সিনেমাটি আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির আগে দুই অভিনয়শিল্পীর স্বর্ণমন্দির সফর এবং সারার আবেগাপ্লুত হওয়ার দৃশ্য এখন বিনোদনজগতের আলোচিত বিষয়গুলোর একটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন