প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত থাকলেও এখন নিজের কর্মজীবনে নতুনভাবে মনোযোগ দিচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে এটিই তাঁর প্রধান ব্যস্ততা, আর অভিনয়কে দেখছেন দ্বিতীয় পছন্দ হিসেবে।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা প্রভা দীর্ঘ সময় ধরে অসংখ্য নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন। কর্মজীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়ার পর এখন নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে কাজ বেছে নিচ্ছেন এই অভিনেত্রী।
অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ করার বিষয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র, উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক পেলেই কেবল অভিনয়ে যুক্ত হতে চান তিনি।
এরই মধ্যে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন প্রভা। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।
এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।’
সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন তিনি।
প্রভার ব্যক্তিজীবনেও এসেছে নানা ঝড়। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি। সে সময় এই জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে তাঁদের ব্যক্তিগত জীবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
এরপর তীব্র সামাজিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় প্রভাকে। কিছুদিন অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে। এর পর আবারও অভিনয় থেকে বিরতি নেন এই অভিনেত্রী।
সব বাধা পেরিয়ে পরে আবার ক্যামেরার সামনে ফেরেন প্রভা। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজের অবস্থান পুনরায় শক্ত করেন।
কর্মজীবনে ফেরার পাশাপাশি অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। ২০২৩ সালে সাইবার হয়রানির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান প্রভা। একসময় নেতিবাচক মন্তব্যের আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখলেও এখন সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসেছেন। ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদও করছেন তিনি।
এখন অভিনয়কে একমাত্র পেশা হিসেবে না দেখে নিজের পছন্দ, কাজের পরিবেশ ও সম্মানকে প্রাধান্য দিচ্ছেন প্রভা। অভিনয় ও করপোরেট চাকরি—দুই ক্ষেত্রেই নিজের মতো করে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।
মন্তব্য করুন