প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নতুন সাজের স্থিরচিত্র প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। অফহোয়াইট সুতি শাড়ি, চুলে বেলিফুলের গাজরা আর কাব্যিক ক্যাপশনে তাঁর বাঙালি সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও পোশাকের বৈচিত্র্য নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজেকে তুলে ধরেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর গোলাপি রঙের কাজ। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লাউজ পরেছেন তিনি। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলিফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন জয়া, আবার কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। এর আগে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কয়েকটি স্থিরচিত্র।
ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের পরিচিত গানের পঙ্ক্তি জুড়ে দিয়েছেন জয়া আহসান। তিনি লিখেছেন— 'সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে, সে জন পিরিতের কি বেদনা'।
জয়ার সাজ ও ক্যাপশন দেখে ভক্ত-অনুরাগীদের অনেকে মন্তব্যের ঘরে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। ঐতিহ্যবাহী বাঙালি সাজের সঙ্গে গানের পঙ্ক্তির এই সমন্বয় ছবিগুলোকে দিয়েছে আলাদা আবেদন।
মন্তব্য করুন