বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:১১ পিএম

অনলাইন সংস্করণ

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে

নিকোটিনযুক্ত ই-সিগারেট ব্যবহারের কারণে নিজের কণ্ঠস্বর বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভেপিংয়ের অভ্যাস, নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসার কঠিন অভিজ্ঞতা এবং অন্যদের জন্য সতর্কবার্তা তুলে ধরেন।

৩৪ বছর বয়সি এই তারকা জানান, তিনি একসময় প্রচুর নিকোটিনযুক্ত ই-সিগারেট ব্যবহার করেছেন। তাঁর ভাষ্য, এর ফলে কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে এবং নিকোটিনের আসক্তি ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন।

ভিডিও বার্তায় সেলেনা বলেন, ‘আমি আমার কণ্ঠস্বর আগের মতো আর বদলাতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অন্যদের সতর্ক করে তিনি যোগ করেন, ‘নিকোটিনের নেশা ছাড়া ভীষণ কঠিন। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বা যারা নতুন ভেপিং শুরু করার কথা ভাবছেন, তাদের বলব—এটি একেবারেই বোকামি এবং এর কোনো মূল্য নেই।’

কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে হাস্যরসের সুরে তিনি আরও বলেন, ‘বিষয়টি খুবই বোকামি ছিল এবং এর জন্যই আমার কণ্ঠস্বর বদলে গেছে। তাই আপনাদের যদি আমার কণ্ঠ শুনতে ভালো না লাগে, তবে তা সম্পূর্ণ স্বাভাবিক। এতে আমার কোনো আপত্তি নেই।’

সেলেনার কণ্ঠস্বর আগের তুলনায় ভারী হয়েছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। গত বছরের ডিসেম্বরে ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছিলেন, ‘লুপাস’ নামের স্বয়ংপ্রতিরোধী রোগের কারণে কখনো কখনো তাঁর গলার ভেতরে ফোলাভাব দেখা দেয়।

তবে এবার ভেপিংয়ের সঙ্গে কণ্ঠস্বরের পরিবর্তনের সম্পর্কের কথা নিজেই তুলে ধরেছেন সেলেনা। একই ভিডিওতে তিনি জানান, নিকোটিন ব্যবহার বন্ধ করতে পেরে তিনি আনন্দিত। তবে এই অভ্যাস থেকে দূরে থাকা ধরে রাখা কঠিন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে আমি এটি বন্ধ করতে পেরেছি এবং আশা করি আমি এটি ধরে রাখতে পারব।’

সেলেনার এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর অভ্যাসের সমালোচনা করেছেন, আবার অনেকে নিজের আসক্তির কথা প্রকাশ্যে স্বীকার করা এবং তা ছেড়ে দেওয়ার চেষ্টা করার জন্য তাঁর প্রশংসা করেছেন।

২০১৫ সালে নিজের লুপাসে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান সেলেনা। ২০১৭ সালে বন্ধু ফ্রানসিয়া রাইসার কাছ থেকে কিডনি প্রতিস্থাপন করান তিনি। তাঁর স্বাস্থ্যসংক্রান্ত অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে কয়েকজন ভক্ত ভেপিংয়ের অভ্যাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

একজন লেখেন, ‘ফ্রানসিয়া তাকে নিজের কিডনি দান করল আর সে ধূমপান চালিয়ে গেল... ওহ ওয়াও!’ অন্য একজন লেখেন, ‘কারো কাছ থেকে কিডনি পাওয়ার মতো এমন উদার উপহার পাওয়ার পরও নিজেই নিজেকে নিকোটিন আসক্তিতে ঠেলে দেওয়াটা সত্যিই পাগলামি।’

অন্যদিকে, অনেকে সেলেনার সততার প্রশংসা করেছেন। ‘ম্যাকবি’ নামের এক ভক্ত এক্সে লিখেছেন, ‘নিকোটিন আসক্তি নিয়ে সেলেনা গোমেজের এই সততা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু বদভ্যাস মানুষ যতটা মনে করে, তার চেয়ে অনেক বেশি কঠিন হয়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘নিজের ভুল স্বীকার করে ভালো পথে আসার চেষ্টা করার জন্য সেলেনার প্রতি শ্রদ্ধা জানাই।’

সূত্র: লস অ্যাঞ্জেলেস টাইমস

মন্তব্য করুন