প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ
দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন আফগান পেসার ইয়ামিন আহমেদজাই।
প্রথম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৪ রান। পরের ওভারে ইয়ামিন শুরু করেছিলেন দুই ওয়াইড দিয়ে। কিন্তু তাঁর দ্বিতীয় বৈধ ডেলিভারি তানজিদের ব্যাট ছুঁয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। তানজিদ ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে কিছু বুঝে ওঠার আগেই ইয়ামিনের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। তাঁর বিদায়ের মধ্য দিয়ে মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘ফাইনালে’ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের বড় ব্যবধানে জিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫৮ রানের বড় জয়ে ফাইনালের পথে এগিয়ে যায় আফগানরা।
তাই আজকের ম্যাচটি অঘোষিত ‘ফাইনালে’ পরিণত হয়েছে। এই ম্যাচে হারলেই বাংলাদেশের বিদায়। জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে। এর ব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং টাইগারদের বাড়ি ফিরতে হবে।
মন্তব্য করুন