মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:০২ পিএম

অনলাইন সংস্করণ

সৌদি আরবে ৪ হাজার ২৯১ স্বাস্থ্য খাতের পদে নিয়োগ ঘোষণা

সৌদি আরবের স্বাস্থ্য খাতে সৌদি নাগরিকদের জন্য বড় পরিসরে কর্মসংস্থানের ঘোষণা এসেছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, চলতি বছরে নতুন শূন্যপদ, সম্পন্ন নিয়োগ ও অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এসব পদে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জনবলের ঘাটতি পূরণ এবং দক্ষ কর্মী আকৃষ্ট করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ঘোষিত শূন্যপদগুলোর নির্দিষ্ট পদ ও যোগ্যতার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছরে ইতিমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের উদ্দেশ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে। এই নিয়োগ, প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়েই মোট সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০টি। অর্থাৎ সবগুলো পদ এখন খালি নেই এবং সব পদে এখনই আবেদনও করা যাবে না।

আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালে গিয়ে শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও অন্যান্য শর্ত যাচাই করে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। তাই আবেদনের আগে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ও শেষ সময় নিশ্চিত হওয়া জরুরি।

এ নিয়োগের মূল লক্ষ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। ফলে ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিদেশি নাগরিকদের জন্য আলাদা নিয়োগের বিষয়ে এই ঘোষণায় কিছু বলা হয়নি। বাংলাদেশি প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদন গ্রহণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে হবে।

সূত্র: গালফ নিউজ, সৌদি গেজেট

মন্তব্য করুন