বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:৩২ পিএম

অনলাইন সংস্করণ

সেরা রাঁধুনী’র নবম সিজনে বিচারকের আসনে জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন সিজনে বিচারকের আসনে। এর আগে অনুষ্ঠানটির একাধিক সিজনে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার নবম সিজনে তাঁর বদলে দেখা যাবে জয়া আহসানকে।

বিষয়টি সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় নিজেই নিশ্চিত করেছেন জয়া। রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলেও রান্নাবিষয়ক কোনো অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাঁকে বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানা রকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

এবার সেরা রাঁধুনীর বিচারক জয়া আহসানের সঙ্গে আরও দুজন বিচারকের দায়িত্ব পালন করবেন। তাঁরা হলেন পেশাদার শেফ শুভব্রত মৈত্র ও শাহিদ শাহিন। ইতিমধ্যে ‘সেরা রাঁধুনী’ সিজন ৯-এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সেরা রাঁধুনীর বিজয়ী পুরস্কার পাবেন ১৫ লাখ টাকা। অনুষ্ঠানটি প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।

এদিকে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গুঞ্জন নিশ্চিত নয়। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূর্ণিমা।

মন্তব্য করুন