মোঃ ইমাম হোসাইন

প্রকাশিত: ১২ অক্টোবার, ২০২৬, ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন মো. শাহেদ আহম্মদ ও মো. নাসরুল্লাহ বদরপুরি। এ ঘটনায় আরও ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন।

নিহত মো. শাহেদ আহম্মদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা শাহেরা বেগম। শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কাজ করতেন। দেশটিতে তার বৈধ বসবাসের অনুমতিপত্রও ছিল।

ভাইয়ের মৃত্যুর পর ছুটি কাটিয়ে দেশে এসেছিলেন শাহেদ। পরে রিয়াদ হয়ে জেদ্দায় নিজের কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি।

অন্যদিকে, নিহত মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন নাসরুল্লাহ। রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করার সময় হামলার শিকার হন তিনি।

এ ঘটনায় আহত ২৪ বাংলাদেশির পরিচয়ও জানা গেছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জন সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে গিয়েছিলেন।

আহত ব্যক্তিরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।

এদিকে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় রিয়াদ বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। তাদের মধ্যে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তি, ওমরাহ পালন করতে যাওয়া যাত্রী এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ছিলেন।

মন্তব্য করুন