আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।

পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন।

ইসলামাবাদ বিমানবন্দরে ভ্যান্সকে অভ্যর্থনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তাকে শুভকামনা জানিয়েছি।” তিনি আরও বলেন, আলোচনা একবারেই শেষ হবে নাকি সামনের দিনগুলোতেও চলবে, তা তিনি নিশ্চিত নন। বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বিকল্প পরিকল্পনার দরকার নেই।”

এর আগে শুক্রবার রাতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

ইরানি সূত্র জানিয়েছে, আলোচনায় হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন বন্ধ এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন