প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৫২ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার মজুদ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
আবুল কালাম খান 
গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্সবিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।  
শনিবার (৪ এপ্রিল) রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ সঙ্গে ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া বাজারে নিউ নাগরী ট্রেড সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র ব্যবসায়ী নিপু ডি কস্তাকে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বেশি দামে সিলিন্ডার বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারায় একটি মামলায় (নং ৬৯/২) ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমকে উপস্থিত থেকে খোলা বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নাগরী ইউনিয়নের ভুরুলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী নিপু ডি কস্তাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন