প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের করা দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতার শারীরিকভাবে কোনো সমস্যা নেই এবং তিনি স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শনিবার (১৪ মার্চ) ‘এমএস নাউ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।”
এর একদিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, তার ধারণা মোজতবা খামেনি ‘আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানি হয়েছে।’
তবে ইরান সেই দাবি নাকচ করে বলেছে, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছেন।
দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিকে কার্যত বন্ধ রাখার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
সেই বার্তায় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।
মন্তব্য করুন