আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৫:০১ পিএম

অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে টোল-অনুমতি চালু করল ইরান, বিশ্ববাজারে অস্থিরতার শঙ্কা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি অবরোধের জেরে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। সোমবার থেকে কার্যকর হওয়া এই নিয়মের আওতায় প্রণালিটি অতিক্রম করতে প্রতিটি জাহাজকে ইরানের কাছ থেকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল পরিশোধ করতে হবে। বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় তেহরানের এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে।

আন্তর্জাতিক শিপিং জার্নাল ‘লয়েডস লিস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (পিজিএসএ) নামে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা এ ব্যবস্থা চালু করেছে। এই কাঠামোর আওতায় জাহাজগুলোকে ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ পূরণ করতে হবে। ফর্মটিতে জাহাজের বর্তমান ও সাবেক নাম, শনাক্তকরণ নম্বর, মালিকানা, বিমা ও নাবিকদের পরিচিতি এবং গতিপথসহ ৪০টির বেশি প্রশ্নের সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ কাঠামো গঠন করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানানো জাহাজগুলো এই জলপথে চরম সংকটের মুখে পড়বে।

এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিজেদের জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাবাহী বা সংশ্লিষ্ট জাহাজের ক্ষেত্রে এই পথ বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে তেহরান। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে টোল প্রদানে অস্বীকৃতি জানানোর আহ্বান জানিয়ে বাহরাইনের সঙ্গে মিলে জাতিসংঘে একটি পাল্টা প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিয়েছে। তবে রাশিয়া ওই প্রস্তাবে ভেটো দিতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে এই জলপথে সৃষ্ট অচলাবস্থা ইতোমধ্যে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দপ্তর থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে বৈদেশিক হস্তক্ষেপ রুখতে এবং একটি ‘শক্তিশালী ইরান’ প্রতিষ্ঠায় হরমুজ প্রণালির এই নিয়ন্ত্রণকে তারা অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

মন্তব্য করুন