তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৪:০০ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দ্রুত পদক্ষেপ নিল বিজেপি সরকার। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে।

সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘোষণা দেন। তিনি জানান, জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্ব সচিবকে।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্কিত ইস্যু হিসেবে ঝুলে ছিল। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট তৎকালীন মমতা বন্দোপাধ্যায় সরকারকে নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়ে ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সেই নির্দেশ কার্যকর হয়নি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারেও সীমান্তে কাঁটাতারের ইস্যুতে সরব ছিল বিজেপি, এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা মাঠে নামল প্রথম দিন থেকেই।

মন্তব্য করুন