তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০২:২৪ পিএম

অনলাইন সংস্করণ

সিলেটে জলাবদ্ধতার শঙ্কা, তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা

সংগৃহীত ছবি

আগামী মঙ্গলবার (১৩ মে) থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে অতি ভারি বর্ষণের কারণে সিলেট অঞ্চলের নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, প্রথম দিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও পরদিন থেকে তা কমে এসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ১৫ মের পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এই তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে 'ভারি' এবং ৮৮ মিলিমিটারের বেশিকে 'অতি ভারি' বর্ষণ হিসেবে গণ্য করা হয়।

পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৫ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।

মন্তব্য করুন