প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।
সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে মেগা প্রকল্পের নামে সারা দেশে লুটপাট হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, কিন্তু কাজ হয়নি। বিশেষত শরিয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর এলাকায় গত ১৮ বছরে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি। তবে বর্তমান সরকার স্বল্প সময় ও সীমিত সম্পদের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। শরিয়তপুরে রেল স্টেশন নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি জেলা প্রশাসনকে সতর্ক করে বলেন, শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে গাছ লাগানোর পর যথাযথ তদারকিও নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকেও এই তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে মন্ত্রী বলেন, তিনি দুই দশক আগেই তৃণমূলের নেতাদের সংগঠিত করেছিলেন, যার ফলেই দেশ থেকে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন