তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

লেবার পার্টিতে বিদ্রোহ, স্টারমারের পদত্যাগের দাবি তুলেছেন ৪০ ব্রিটিশ এমপি

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টিতে তীব্র অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের স্থানীয় নির্বাচনে দলের বিপর্যয়কর পরাজয়ের পর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ দাবিতে একজোট হয়েছেন দলের কমপক্ষে ৪০ জন এমপি। এর মধ্যে স্টারমারের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক মন্ত্রী জশ সিমন্সও রয়েছেন।

নির্বাচনে লেবার পার্টি প্রায় দেড় হাজার কাউন্সিলর পদ হারিয়েছে এবং ওয়েলসের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়েছে। এই বিপর্যয়ের পর দলের ভেতরে ক্ষোভ এখন বিদ্রোহের রূপ নিচ্ছে।

উপ-প্রধানমন্ত্রী অ্যানজেলা রেইনার প্রকাশ্যে স্টারমারের শাসনের কঠোর সমালোচনা করে দলকে আরও বামঘেঁষা অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও নেতৃত্বের দৌড়ে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে এমপি ক্যাথরিন ওয়েস্ট ও সাবেক নেতা এড মিলিব্যান্ডের নামও আলোচনায় এসেছে।

এই পরিস্থিতিতে স্টারমার আজ সোমবার একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন, যাকে অনেকে তার নেতৃত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে দেখছেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী নেতৃত্বের চ্যালেঞ্জ ঠেকাতে তাকে কমপক্ষে ৮১ জন সংসদ সদস্যের সমর্থন নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী ব্রিজেত ফিলিপসন স্বীকার করেছেন, জনগণ লেবার সরকারের ওপর গভীরভাবে হতাশ। তবে তার মতে, কেবল নেতৃত্ব পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। অন্যদিকে রেইনার সতর্ক করে বলেছেন, বড় পরিবর্তন ছাড়া এই পরিস্থিতি বদলাবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আজকের দিনটিই নির্ধারণ করবে স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ।

মন্তব্য করুন