তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

‘সোজা গুলি করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা’, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের কথোপকথনে এমন নির্দেশনার বিষয় উঠে আসে।’ একজন সরকারপ্রধান হিসেবে এমন নির্দেশনাকে অমানবিক ও ভয়াবহ আখ্যা দিয়ে তিনি বলেন, এর ফলেই সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর প্রবণতা বেড়ে যায় এবং হাজারো মানুষ নিহত হন।

এদিন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু মানুষ হতাহত হন। সবচেয়ে আবেগের জায়গা হচ্ছে ফাইয়াজকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে আবেগাপ্লুত হয়েছিল পুরো বাংলাদেশ।

তিনি আরও জানান, এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপনসিবিলিটি ও টার্গেটেড কিলিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করায় আগামী ৮ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

মন্তব্য করুন