তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় নিহত পাঁচজনকে গোপালগঞ্জে দাফন, এখনো পলাতক ঘাতক ফোরকান

গাজীপুরের কাপাসিয়ায় এক রাতের ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচজনকে রোববার (১০ মে) গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বেলা ১১টার দিকে জানাজা শেষে সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন, শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। শনিবার (৯ মে) ভোররাতে গাজীপুর থেকে ময়নাতদন্ত শেষে পাঁচ মরদেহ গ্রামে পৌঁছায়। একসঙ্গে পাঁচটি লাশ দেখে স্বজন ও প্রতিবেশীরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্বজনদের অভিযোগ, শুক্রবার (৮ মে) বিকেলে ফোরকান চাকরির কথা বলে শ্যালক রসুল হোসেনকে বাসায় ডেকে নেন। পরে রাতের কোনো এক সময় শারমিন, তার তিন সন্তান ও রসুলকে গলা কেটে হত্যা করা হয়। শারমিনের স্বামী ফোরকান মিয়া ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ ও পরিবার উভয়েরই প্রাথমিক সন্দেহ তার দিকে। দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। শোকার্ত স্বজন ও এলাকাবাসী ঘাতককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন