প্রকাশিত: ৯ মে, ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মারসা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একই কোম্পানির আরেকটি বাসের সরাসরি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় কক্সবাজারগামী বাসটি সড়কের পূর্ব পাশে একটি দোকানে ঢুকে পড়ে। দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযানে নামেন। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী জানান, হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন