প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

আবুধাবি ও দোহায় নতুন বিস্ফোরণের খবর, ইরানের হামলা চলমান

আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিপ্রেক্ষিতে সোমবার (২ মার্চ) নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। এছাড়াও প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধডজন বিকট শব্দ শোনা গেছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় প্রায় ছয়টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ইরানের হামলা এখনও অব্যাহত আছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ হামলা জেরে ইরান মধ্যপ্রাচ্যের ঠিক পাশের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার আবুধাবি ও দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। পরিস্থিতি এখনো অত্যন্ত উত্তপ্ত। গালফ দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো এই নতুন বিস্ফোরণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

মন্তব্য করুন