রোববার   ০১ মার্চ ২০২৬   ফাল্গুন ১৬ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ঈদ ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান: ‘বুঝি নাই তো আগে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর গত কয়েক দশক ধরে প্রতিবছরই এই আনন্দ বহুগুণে বাড়িয়ে দিচ্ছে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

 

নিয়মিত ইত্যাদির তুলনায় ‘ঈদের বিশেষ ইত্যাদি’র একটি বড় অংশ জুড়েই থাকে বিভিন্ন ধরণের গান। তবে ঈদ ইত্যাদির গানগুলো যাতে বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক হয়, সেজন্য বরেণ্য নির্মাতা হানিফ সংকেত শিল্পী নির্বাচন, কথা, সুর ও নির্মাণ বৈচিত্র্য নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। যে কারণে প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শকদের কাছে প্রশংসিত হয় এবং সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন তরুণ প্রজন্মের প্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

 

উল্লেখ্য, গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈতকণ্ঠে গাওয়া গানটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবারের ঈদে হাবিব একদল যন্ত্রশিল্পী নিয়ে একক গান গেয়েছেন। গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক; সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

 

ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনা এবং দর্শকদের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে উঠেছে। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা গানটির সঙ্গে যেভাবে একাত্মতা প্রকাশ করেছেন এবং একবার শুনেই শিল্পীর সাথে ঠোঁট মিলিয়েছেন—তাতে আশা করা যায় এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকরা গানটি লুফে নেবেন।

 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।