তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৪:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিস্টের মিল নেই: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনব্যবস্থাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, ইতিহাসে অন্যান্য ফ্যাসিস্ট শাসকদের সঙ্গে শেখ হাসিনার তুলনা চলে না।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, মুসোলিনি বা হিটলারের মতো শাসকদের অন্তত নিজস্ব দেশপ্রেম ছিল, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিতেও পিছপা হননি। তিনি অভিযোগ করেন, জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখাই ছিল তার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে এমন এক শাসনব্যবস্থা চালু ছিল, যেখানে ভিন্নমতের কোনো জায়গা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে রিজভী বলেন, এটি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে ব্যর্থ হলে ফ্যাসিবাদ অন্য কোনো পথে ফিরে আসার চেষ্টা করতে পারে।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থায় অবক্ষয় ঘটেছে এবং মেধার যথাযথ মূল্যায়ন হয়নি। ভবিষ্যতে প্রকৃত যোগ্যতার ভিত্তিতে ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. লুৎফর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইনসহ অন্যরা।

মন্তব্য করুন