প্রকাশিত: ৬ মে, ২০২৬, ০৯:২২ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জ উপজেলা শাখায় বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি ঘোষণা

মোঃ বোরহান উদ্দিন 
কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখায় বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি, মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ শফিনুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনটি একটি সমাজসেবা, শিক্ষা ও মানবিক কার্যক্রমভিত্তিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কালীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটিও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে জানা গেছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা একটি সেতুবন্ধনমূলক সংগঠন হিসেবে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের প্রধান লক্ষ্য।

এদিকে, নতুন এই কমিটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, সংগঠনটির কার্যক্রম কালীগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য করুন