বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ মিনিট আগে, ১১:২৩ এ এম

অনলাইন সংস্করণ

নতুন পরিচয়ে আসছেন জেফার

প্লেব্যাক, অভিনয় ও মডেলিংয়ের টানা ব্যস্ততার মাঝেই ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এলেন নন্দিত তারকা জেফার রহমান। একক গান কিংবা মিউজিক ভিডিও নয়, এবার নতুন একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। তবে এই অ্যালবামের মূল আকর্ষণ—এখানে তিনি শুধুই কণ্ঠশিল্পী নন, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও নিজেকে তুলে ধরবেন।

দীর্ঘদিন ধরে চলা নিজের গান লেখা ও সুর করার অভিজ্ঞতাকে এ অ্যালবামে কাজে লাগাচ্ছেন জেফার। সংগীতে প্রতিনিয়ত নতুন এক্সপেরিমেন্ট বা নিরীক্ষা চালাতে পছন্দ করা এই তারকা জানান, সময়কে ছাপিয়ে যাওয়ার মতো কিছু সৃষ্টির চেষ্টা থেকেই তাঁর এই নতুন আয়োজন। তবে নিজস্ব সুরে একক অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও অ্যালবামটির নাম, গান সংখ্যা বা সংগীতের জনরা (ধরণ) এখনই প্রকাশ করেননি তিনি। দ্রুতই বিস্তারিত তথ্য সবাইকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে 'লাস্ট ডিফেন্ডার অব মনোগামী', 'মাইশেলফ অ্যালেন স্বপন-২' এবং শিহাব শাহীন পরিচালিত সর্বশেষ ওয়েব সিনেমা 'তুমি আমি শুধু'-তে অভিনেত্রী হিসেবে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি 'সুন্দরী কমলা', 'বৈয়াম পাখি ২.০' ও 'তোর ছায়া'র মতো হিট প্লেব্যাক দিয়ে দর্শক মাতিয়েছেন জেফার। তারও আগে ‘ঝুমকা’, ‘তীর’, ‘লিচুর বাগানে’, ‘ন ডরাই’র ‘হারবো না’সহ অসংখ্য ভিন্নধর্মী গানে তাঁর সুর ও গায়কির দ্যুতি ছড়িয়েছে।

অভিনেত্রী ও প্লেব্যাক শিল্পী হিসেবে বারবার নতুন রূপ পাওয়া জেফারের সুরকার ও গীতিকবি পরিচয়টি এতদিন কিছুটা আড়ালেই ছিল। সংগীতপ্রেমীদের ধারণা, নতুন এই নিরীক্ষাধর্মী অ্যালবামের মাধ্যমে তাঁর সেই প্রতিভার সার্থক বহিঃপ্রকাশ ঘটবে এবং শ্রোতাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন