প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ
একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এক বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
রোববার (১৬ আগস্ট) Gulf News-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভিসাধারীদের ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে ‘নুসুক’ অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন অবস্থানের অনুমতি থাকবে।
মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনকে আরও সহজ ও নমনীয় করতে এই সুবিধা চালু করা হয়েছে। তবে প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিবার ভ্রমণের আগে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্যাকেজ কিনতে হবে, যার মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট সময়ের বেশি হতে পারবে না। একই সঙ্গে নুসুক অ্যাপ থেকে নেওয়া অনুমতির তারিখ এবং সেবা প্যাকেজের তারিখের মধ্যে মিল থাকতে হবে।
এ ছাড়া সৌদি আরবে প্রবেশের জন্য অন্যান্য প্রচলিত শর্ত ও যোগ্যতাও পূরণ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে প্রক্রিয়া শুরু হবে নুসুকে সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদন, যাচাই-বাছাই এবং অনুমোদনের পর যাত্রী সৌদি আরবে যেতে পারবেন। সেখানে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে এবং দেশ ত্যাগের সময় তা হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ভিসাধারীর মোট অবস্থানকাল (৯০ দিন) হিসাব রাখা হবে।
মন্ত্রণালয়ের এই ব্যাখ্যা অনুযায়ী, কেবল বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য যথেষ্ট হবে না; প্রতিবার ওমরাহ পালনের আগে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে।
মন্তব্য করুন